: নতুন সরকারের কৃষিতে জোর, বসিরহাটে হাজার হাজার কৃষকের হাতে উন্নত ধানের বীজ ও কৃষি উপকরণ। বর্ষার মরশুমে কৃষি উৎপাদন বাড়াতে এবং চাষিদের পাশে দাঁড়াতে নতুন সরকারের উদ্যোগে বসিরহাট মহকুমা জুড়ে শুরু হয়েছে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচি। কয়েক হাজার কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নত প্রজাতির ধানের বীজ, কীটনাশক স্প্রে তেল-সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ।
বসিরহাট মহকুমার বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকায় ধানই অন্যতম প্রধান ফসল। সেই চাষকে আরও লাভজনক ও উৎপাদনশীল করতে কৃষি দফতরের উদ্যোগে একাধিক ব্লকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষের বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, বাদুড়িয়া-সহ বিভিন্ন ব্লকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি দফতরের আধিকারিক ও প্রশাসনের প্রতিনিধিরা। তাঁদের হাত থেকেই কৃষকদের মধ্যে বিতরণ করা হয় উন্নত মানের ধানের বীজ এবং প্রয়োজনীয় কৃষি সামগ্রী।
কৃষি দফতরের দাবি, উন্নত প্রজাতির বীজ ব্যবহারের ফলে ফলন যেমন বাড়বে, তেমনই রোগ-পোকার আক্রমণও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকদের আর্থিক লাভও বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্ষাকালীন আমন চাষের মরশুমকে সামনে রেখে সরকারের এই উদ্যোগে খুশি কৃষকরা।
তাঁদের মতে, সময়মতো উন্নত বীজ ও কৃষি উপকরণ হাতে পাওয়ায় চাষের প্রস্তুতি আরও সহজ হয়েছে এবং ভালো ফলনের আশা বেড়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কৃষি দফতর।