শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার, নদী ‘চুরি’ করে তৈরি ‘অরণ্যের কুলে’ ভাঙার প্রক্রিয়া শুরু
প্রতিদিন | ০২ জুলাই ২০২৬
শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতে চলল বুলডোজার। বৃহস্পতিবার সকাল থেকে ক্যানিংয়ের মৌখালিতে ক্যাফে ভাঙার কাজ শুরু করল প্রশাসন। মাতলা নদীর চর দখল করে অবৈধভাবে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। আগেই ক্যাফেটি ভাঙার নোটিস দিয়েছিলেন মহকুমাশাসক। আজ ভাঙার প্রক্রিয়া শুরু করা হল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার গ্রেপ্তারির পর নজরে এসেছিল তাঁর ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন এই ক্যাফেটেরিয়াটি। এই ক্যাফেটির নাম ‘অরণ্যের কুলে’। জানা গিয়েছে, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই মাতলা নদীর চরের উপর এই ক্যাফে তৈরি করেছিলেন ছেলে ইমরান। নিয়মের তোয়াক্কা না করে দিব্যি চলছিল ব্যবসা। কিন্তু পালাবদলের পর বদলে যায় সব হিসাব। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা গ্রেপ্তার হন। এই ঘটনার তদন্ত করতে গিয়ে নজরে পড়ে তাঁর ছেলের বেআইনি ক্যাফের বিষয়টি।
অভিযোগ উঠেছে, সম্পূর্ণ বেআইনিভাবে ক্যাফেটি তৈরি করা হয়েছিল। এই নিয়ে হইচই শুরু হতেই ইমরানকে ক্যাফের সব কাগজপত্র নিয়ে মহকুমাশাসকের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেসব পরীক্ষা করে দেখা যায় যে, মাতলার চরে সেচ দপ্তরের জমি দখল করে বিশাল ক্যাফেটেরিয়াটি তৈরি করা হয়েছিল, যার কোনও বৈধতা নেই। তথ্য খতিয়ে দেখার পর ক্যাফেটি ভাঙার নির্দেশ দেন মহকুমাশাসক। এরপর আজ সকালে ঝাঁ চকচকে এই ক্যাফে ভাঙার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক ও জীবনতলা থানার পুলিশ আধিকারিকরা।