ধেয়ে আসছে নিম্নচাপ, ভাসবে কলকাতা, কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?
আজ তক | ০২ জুলাই ২০২৬
ঘনিয়ে আসছে নিম্নচাপ। আর তার জেরেই তেড়ে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। জুলাই মাসের শুরুতেই ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। চলতি উইকএন্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ধেয়ে আসছে নিম্নচাপ
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবারই তৈরি হতে চলেছে নিম্নচাপটি। আবার কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে সব মিলিয়ে জুন মাসে বৃষ্টির যে ঘাটতি দেখা গিয়েছে, তা জুলাইতে পুষিয়ে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
কোন কোন জেলায় বৃষ্টি?
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও একই পরিস্থিতি বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে।
জুলাইতে বাড়বে বৃষ্টি?
IMD-র তথ্য বলছে, জুনে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ১৬৫.৪ মিলিমিটার। কিন্তু হয়েছে মাত্র ৯৯.৫ মিলিমিটার। অর্থাৎ, ঘাটতি প্রায় ৪০ শতাংশ। ২০২৪ এবং ২০২৫–এ বর্ষা সময়মতো এসেছিল এবং পর্যাপ্ত বৃষ্টিও হয়েছিল। কিন্তু ২০২৬–এ সেই পথে বাধ সাধছে এল নিনো।
আবহাওয়াবিদরা বলছেন, ঘাটতি মেকআপ করতে জুলাইয়ে ৩৪৬.৩ মিলিমিটার বৃষ্টি প্রয়োজন। সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে হবে। কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস নেই। সেখানেই আবহাওয়াবিদরা তাকিয়ে আছেন বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের দিকে।