• সোম থেকেই ছুটবে নয়া বারাসত-শিয়ালদহ এসি লোকাল! কত ভাড়া, কোন কোন স্টেশনে কখন দাঁড়াবে? জানুন
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • নতুন আরও একটি এসি লোকাল পেল বারাসত-শিয়ালদহ শাখা।  নিত্যযাত্রীদের আরামদায়ক রেল পরিষেবা দিতে সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ফলে শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন এসি ইএমইউ লোকাল। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার কথা ঘোষণা করেন।

    রেল সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার থেকে পরীক্ষামূলকভাবে সপ্তাহে পাঁচ দিন, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই এসি লোকাল চালানো হবে। যাত্রীদের সাড়া ও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে পরিষেবার পরিধি বাড়ানো হতে পারে। সময়সূচি অনুযায়ী, আপ এসি লোকাল প্রতিদিন সকাল ১০ঃ৩৩ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে এবং সকাল ১১ঃ১৮ মিনিটে বারাসত জংশনে পৌঁছবে। ফেরার পথে ডাউন ট্রেন সকাল ১১ঃ২৯ মিনিটে বারাসত থেকে ছেড়ে দুপুর ১২ঃ১৩ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

    নতুন এই এসি লোকাল যাত্রাপথে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে থামবে। ভাড়ার ক্ষেত্রেও কোনও পরিবর্তন করা হয়নি। বর্তমানে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের বারাসত পর্যন্ত যে ৫৫ টাকা ভাড়া রয়েছে, নতুন এই ট্রেনেও একই ভাড়া কার্যকর থাকবে। পূর্ব রেলের দাবি, ব্যস্ত শিয়ালদহ-বারাসত শাখায় যাত্রীদের আরামদায়ক ও উন্নত পরিষেবা নিশ্চিত করতেই এই নতুন এসি লোকাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে মোট ১০টি এসি লোকাল চলছে। নতুন এই ট্রেন চালু হওয়ায় বিশেষ করে অফিসযাত্রীদের সুবিধা আরও বাড়বে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

    পূর্ব রেল জানিয়েছে, বারাসত-দমদম ক্যান্টনমেন্ট শাখায় নতুন লোকাল ট্রেন, হাসনাবাদ শাখায় অতিরিক্ত ইএমইউ পরিষেবা এবং শিয়ালদহ-রানাঘাট লোকালের পরিষেবা কৃষ্ণনগর পর্যন্ত সম্প্রসারণ-সহ একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখার নিত্যযাত্রীরা আরও উন্নত ও সুবিধাজনক রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)