এই সময়: যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক পরিষেবা দিতে পূর্ব রেল শিয়ালদহ স্টেশনে চালু করেছে ডিজিটাল লাগেজ লকার সিস্টেম। এই ব্যবস্থায় যাত্রীরা তাঁদের সঙ্গের মালপত্র নিরাপদে এবং সম্পূর্ণ স্বয়ংচালিত (সেল্ফ-অপারেটেড) লকারে নির্দিষ্ট সময়ের জন্য রেখে নিশ্চিন্তে নিজেদের কাজ মিটিয়ে আসতে পারবেন। শিয়ালদহ স্টেশন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানাচ্ছেন, এই লকারগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে অতি সহজেই সেগুলো ব্যবহার করা যায়।
বিদেশি ছবিতে ইউরোপ বা আমেরিকা কিংবা চিন–জাপান–কোরিয়ার বিভিন্ন স্টেশনে যে ধরনের ডিজিটাল লকার দেখা যায়, সেই লকারই হবে শিয়ালদহ স্টেশনে। ১২ নম্বর প্ল্যাটফর্মের সামনেই বসানো হয়েছে এমন লকার। শিয়ালদহ স্টেশনের আধিকারিকরা জানাচ্ছেন, লকার বুক করতে গেলে প্রথমে সেখানকার ইলেকট্রনিক স্ক্রিনে নিজের মোবাইল নম্বরটি টাইপ করতে হবে, এর পর মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ফের বৈদ্যুতিন স্ক্রিনে দেওয়ার পরে যাত্রীকে তাঁর নাম ও ই–মেল আইডি দিতে হবে। এর পরে যাত্রীর কাছে যন্ত্র জানতে চাইবে, তাঁর কোন ধরনের লকার লাগবে।
লাগেজের মাপ অনুযায়ী লকারকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে — ‘মিডিয়াম’, ‘লার্জ’ এবং ‘এক্সট্রা লার্জ’। যাত্রী কতক্ষণের জন্য লকারটি ভাড়া চাইছেন, সেটাও জানতে চাইবে যন্ত্র। ভাড়া নেওয়ার সময়ের ভিত্তিতে ব্যবস্থাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে — ৬ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ২৪ ঘণ্টা। ‘মিডিয়াম’ লকারের জন্য ৬ ঘণ্টার ভাড়া ৭৫ টাকা, ২৪ ঘণ্টার ভাড়া ১৫০ টাকা। ২৪ ঘণ্টার চেয়ে বেশিক্ষণ লকারে মাল রাখতে গেলে প্রতি ৬ ঘণ্টার জন্য ৭৫ টাকা করে ভাড়া দিতে হবে।
অন্য দিকে ‘লার্জ’ লকারের জন্য ৬ ঘণ্টায় ১২০ টাকা, ২৪ ঘণ্টায় ২৪০ টাকা এবং ২৪ ঘণ্টার বেশি হলে প্রতি ৬ ঘণ্টার জন্য ১২০ টাকা করে ভাড়া দিতে হবে। ‘এক্সট্রা লার্জ’ লকারের ভাড়া ৬ ঘণ্টায় ১৮০ টাকা, ২৪ ঘণ্টায় ৩৬০ টাকা এবং ২৪ ঘণ্টার বেশি সময়ের জন্য প্রতি ৬ ঘণ্টায় ১৮০ টাকা করে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, টাইম স্লট নির্বাচন করার পরে একটি কিউআর কোড দেখা যাবে। সেই কোড স্ক্যান করে প্রয়োজনীয় পয়সা অনলাইনে পেমেন্ট করার পর লকার খুলে যাবে। লাগেজ ফেরত নেওয়ার সময়ে স্ক্রিনে ফের মোবাইল নম্বর টাইপ করলে ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দিলে লকার খুলে যাবে। নির্দিষ্ট সময় পার হওয়ার আগে যাত্রী যদি মনে করেন তাঁর কিছুটা লাগেজ বার করে নেবেন, তা হলে তাঁকে সেই সুযোগও দেওয়া হবে। ৬ ঘণ্টার জন্য বুক করার পরে তার চেয়ে দেরি হলে যাত্রীকে কিউআর কোড স্ক্যান করে অতিরিক্ত অর্থ অনলাইনে পে করতে হবে। তার পরেই লকার খুলবে।