বেঙ্গালুরু: বাচ্চাগুলোকে ভয় দেখাতে বন্ধ করে রাখা হচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরে! মুখের মধ্যে তীব্র বেগে জেট স্প্রে দিয়ে ছেটানো হচ্ছে জল! বেঙ্গালুরুর ব্রুকফিল্ডে এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার ক্যাম্পাসেই রয়েছে একটি ডে কেয়ার ইউনিট। বাচ্চাদের সেখানে রেখে ‘নিশ্চিন্তে’ কাজে যেতেন সংস্থায় কর্মরত টেকিরা। কিন্তু সেই ডে–কেয়ারেই নাকি এমন ব্যবহার করা হয়ে বাচ্চাদের সঙ্গে! সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু ভিডিয়ো ফুটেজের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। বুধবার পুলিশ জানায়, ওই ডে–কেয়ারের পাঁচ জন মহিলা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
গত সোমবার শিশু নির্যাতনের একটি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ায় চাইল্ড হেল্পলাইনে খবর যায়। তারা–ই পুলিশে খবর দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেন, ‘অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিক তদন্তে স্পষ্ট, বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক ভাবেই এই অত্যাচার চলত।’
এফআইআর অনুযায়ী— ওই ডে কেয়ারে ২–৩ বছরের বাচ্চাগুলোকে টার্গেট করে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন কেয়ারগিভাররা। শিশুরা যখনই কাঁদত বা বায়না করত, ভয় দেখাতে দীর্ঘক্ষণ আটকে রাখা হতো অন্ধকার বাথরুমে বা ওয়াশিং মেশিনের ভিতরে। কখনও কোমডের উপরে বসিয়ে রাখা হতো, জেট স্প্রে দিয়ে চোখে–মুখে জল দিত ন্যানিরা! এই ঘটনায় তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ওই বহুজাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মুখপাত্র জানান, অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা।