এই সময়: দুর্গাপুজোয় শহরের আইন-শৃঙ্খলার রাশ শক্ত হাতে ধরে রাখতে এখন থেকেই ময়দানে নামছে কলকাতা পুলিশ। পুজোর এখনও কয়েক মাস বাকি থাকলেও এখন থেকেই থানাগুলিকে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। মঙ্গলবার সব থানার ওসি (অফিসার ইন–চার্জ) ও সব ডিভিশনের ডেপুটি কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুলিশ কমিশনার অজয় নন্দ।
লালবাজার সূত্রে খবর, বৈঠক শহরের সব থানাগুলিকে বলা হয়েছে, এখন থেকেই এলাকাভিত্তিক পুজোগুলির খবরাখবর নিতে হবে। কোনও পুজো কমিটিকে নিয়ে আগে কোনও বিতর্ক বা আইন-শৃঙ্খলার অবনতির ঘটনা হয়েছিল কি না, কিংবা এ বার নতুন কোনও বিবাদের সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। অনেক জায়গায় পুজো কমিটি বা ক্লাবের নিয়ন্ত্রণ বদল নিয়ে অভ্যন্তরীণ ঝামেলা বাধে। সেই সমস্যা এড়াতে কতগুলি পুজো কমিটিতে রদবদল হয়েছে, নতুন দায়িত্বে কারা এসেছেন এবং তা নিয়ে কোনও গোলমালের আশঙ্কা রয়েছে কি না—পুলিশকে সেই বিষয়েও তথ্য সংগ্রহ করতে হবে। কোন পুজোয় কেমন ভিড় হতে পারে, তার উপরে ভিত্তি করে এখন থেকেই ভিড় নিয়ন্ত্রণের ব্লুপ্পিন্টও তৈরির নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।
একই সঙ্গে রথযাত্রা যাতে শহরে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সে জন্যেও ওসিদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। বলা হয়েছে, শহরের কোন কোন রাস্তা ধরে ক’টি রথযাত্রা বের হয়, তার ‘ম্যাপিং’ করতে হবে। নিজস্ব এলাকার রথযাত্রার রুটগুলির নিখুঁত মানচিত্র তৈরি করতে হবে ওসিদের। পাশাপাশি, এ বার নতুন কোনও রথ বের হচ্ছে কি না— সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। কমিশনারের নির্দেশ, প্রয়োজন অনুযায়ী ছোট-বড় প্রতিটি রথযাত্রার সঙ্গেই পুলিশকর্মীদের থাকতে হবে। গত বছর রথযাত্রায় কোথাও কোনও গোলমাল বা ট্র্যাফিক সংক্রান্ত সমস্যা হয়েছিল কি না, তা খুঁজে বার করে এ বার যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে। রথের রুটগুলির রাস্তার হাল কেমন, তাও খতিয়ে দেখবে পুলিশ। রাস্তা খারাপ থাকলে দ্রুত পুরসভার সঙ্গে যোগাযোগ করে তা মেরামতের ব্যবস্থা করতে হবে। কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘বড় উৎসবে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্যে এখন থেকেই যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন—তা থানাগুলিকে নিতে বলা হয়েছে।’