• তৃণমূল নেতাদের ডিম ছুড়ছে তৃণমূলই: শমীক
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল নেতাদের গায়ে ডিম ছুড়ে মারার সংস্কৃতি রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছে। ফের এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি ডিমের দায় বিজেপির গা থেকে ঝেড়ে ফেলে তিনি বলেন, তৃণমূলই ডিম ছুড়ছে তৃণমূলের গায়ে! তাঁর কথায়, গোটা দেশে এই নিয়ে মুখ পুড়ছে বাংলার। এই সংস্কৃতি চলতে পারে না। 

    শমীকের আক্ষেপ, পুলিশ তাঁকে বলেছে, তাদের কাছে এমন কোনো যন্ত্রপাতি নেই, যা দিয়ে ডিমের সন্ধান পাওয়া যায়। তাছাড়া মানুষ কোন উদ্দেশ্যে ডিম সংগ্রহ করছেন, তাও জানা দুষ্কর। তাই আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া কঠিন। 

    ওইসঙ্গে শমীকের কটাক্ষ, তৃণমূল নেতারা কেন ডিম সংস্কৃতি বন্ধে এগিয়ে আসছেন না? যাঁরা সরকারে থাকাকালীন বড়ো বড়ো নেতা হিসেবে ঘুরে বেড়াতেন, তাঁরা কেন এখন দলের পাশে দাঁড়াচ্ছেন না? তাঁরা কেন নিজের কর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করছেন না? যেকোনো প্রকারেই হোক, ডিম ছোড়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, দাবি বিজেপির রাজ্য সভাপতির।
  • Link to this news (বর্তমান)