• ‘মা আহারে’ ভরতুকি দ্বিগুণ, মাছ ও ভাতের সঙ্গেই যোগ হচ্ছে বাড়তি মেনু
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • রামকুমার চট্টোপাধ্যায়, আরামবাগ: ‘মা আহারে’ ভরতুকি দ্বিগুণ করল নতুন রাজ্য সরকার। তার ফলে মাছ ভাতের সঙ্গেই খাবারের পাতে যোগ হচ্ছে বাড়তি পদ। ভরতুকি বৃদ্ধিতে খুশি ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। তৃণমূল সরকার ‘মা ক্যান্টিন’ শুরু করেছিল। তখন ক্যান্টিনে মিল প্রতি ভরতুকি ছিল ১০টাকা। বিজেপি সরকার ওই ক্যান্টিনের নাম ‘মা আহার’ করেছে। একইসঙ্গে ভরতুকির টাকা ১০ থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। এব্যাপারে গত সোমবার রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে আরামবাগ পুরসভায়। 

    মা আহারের আরামবাগ পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, মা আহারের খাবারের অতিরিক্ত ১০ টাকা ভরতুকি বৃদ্ধি করার নির্দেশিকা আমরা পেয়েছি। বিষয়টি স্বনির্ভর গোষ্ঠীকে জানানো হয়েছে। খাবারের মান বজায় রাখতে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারের ঘোষণা মতো সপ্তাহে দু’দিন মাছ-ভাত খাওয়ানো হচ্ছে।

    আরামবাগ পুরসভার মা আহারের দায়িত্ব প্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী রোজিনা বেগম বলেন, ভরতুকির টাকা বৃদ্ধির জন্য আমরা আশা রেখেছিলাম। সরকার তা বৃদ্ধি করায় অনেকটাই সুবিধা হল। এবার থেকে ভালোভাবেই ক্যান্টিন চলবে। আমাদের নিয়ন্ত্রণে থাকা দু’টি ক্যান্টিনে রোজ গড়ে ৭০০ মানুষ খায়। আগে মিল প্রতি ১০ টাকা করে ভরতুকি ছিল। কিন্তু, তাতে আমরা খুব কম পারিশ্রমিক পেতাম। 

    পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, বিগত তৃণমূল সরকার বিভিন্ন প্রকল্প থেকে চুরি করত। কিন্তু, আমাদের সরকার মানুষের স্বার্থে প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়াচ্ছে। মা আহারে ভরতুকির টাকা বৃদ্ধি হওয়ায় খাবারের মান বাড়বে। দুঃস্থ মানুষজন উপকৃত হবে। 

    আগে মা ক্যান্টিনে পাঁচ টাকায় শুধু ডিম-ভাত পাওয়া যেত। রাজ্যের নতুন বিজেপি সরকার এসে ‘মা আহারে’ মাছ-ভাত খাওয়ানো হবে বলে ঘোষণা করে। আরামবাগে মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে একটি মা আহার ক্যান্টিন চলে। পৃথক একটি ক্যান্টিন চলে ভবঘুরে ভবন সংলগ্ন অংশে। সেখানে দুপুরে খাওয়ার জন্য প্রতিদিন সকালে পাঁচ টাকা দিয়ে কুপন কাটতে হয়। হাসপাতাল চত্বরের ক্যান্টিনে প্রতিদিন ভিড় উপচে পড়ে। বহু রোগী ও তাঁদের আত্মীয়রা সেখানে যান। অনেক দুঃস্থ মানুষের রোজ খাওয়ার ঠিকানা মা আহার ক্যান্টিন। রাজ্য ক্যান্টিনে ভরতুকির টাকা বাড়ানোয় এবার থেকে খাবারের তালিকা বাড়তে চলেছে। 

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, দু’দিন মাছ-ভাতের সঙ্গে থাকবে সবজি, ডাল। দু’দিন ডিম-ভাতের সঙ্গের ডাল, সবজি দেওয়া হবে। বাকি দু’দিন নিরামিষেও ভাত, ডাল, সবজির সঙ্গে চাটনি ও পাঁপড় ভাজা পাতে পড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, খাবারের পুষ্টিগুণ, মান বজায় রাখতে হবে। তারসঙ্গে পরিছন্নতার সঙ্গে খাবার পরিবেশনের দিকটিও নিশ্চিত করতে হবে।
  • Link to this news (বর্তমান)