রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হানায় মৃত্যু আলিপুরদুয়ারের যুবকের
বর্তমান | ০২ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেনা আলিপুরদুয়ারের যুবকের মৃত্যু হয়েছে কি না তা নিয়ে ধন্দ অব্যাহত। প্রকৃত ঘটনা জানতে চেয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই যুবকের পরিবার। বুধবার আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী ভাসের সঙ্গে দেখা করেন শালকুমারহাটের মুন্সিপাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ বিশ্বাসের (২৬) পরিবারের সদস্যরা। ওই যুবকের কাকা অজিত বিশ্বাসের দাবি, বিষয়টি রাজ্য সরকারকে জানানোর পাশাপাশি বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে তাঁদের জানিয়েছেন ডিএম। পুলিশ সুপার অমিতকুমার শাহ বলেন, খবর পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আলিপুরদুয়ারের যুবক রাশিয়ার সেনাবাহিনীতে গেলেন কীভাবে? পরিবারের দাবি, এজেন্ট মারফত স্টুডেন্ট ভিসা নিয়ে ইন্দ্রজিৎ ২০২৩ সালের সেপ্টেম্বরে রাশিয়ায় যান। পরে সেই ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে কিছুদিন রাশিয়ায় গা ঢাকা দিয়ে থাকেন। পরে রাশিয়ার সিটিজেন কার্ড পান। ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন জানান ইন্দ্রজিৎ। নির্দিষ্ট ট্রেনিংয়ের মাধ্যমে তিনি সেনাবাহিনীতে সুযোগ পেয়ে যান। ওই যুবকের বাবা প্রদীপ বিশ্বাসের দাবি,পাঞ্জাবের গগন নামে এক যুবক, তিনিও রাশিয়ার সেনাবাহিনীতে আছেন, তিনিই ফোনে গত রবিবার বিকেলে জানানা ইউক্রেনের ড্রোন হামলায় ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে।