• নতুন এসি লোকাল শিয়ালদহ-বারাসত রুটে, সময়সূচি ঘোষণা করল পূর্ব রেল
    দৈনিক স্টেটসম্যান | ০২ জুলাই ২০২৬
  • রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হতেই উন্নয়নের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। মেট্রো রেলের কাজ যেমন সম্প্রসারিত হচ্ছে তেমন লোকাল ট্রেনও উন্নীত হচ্ছে। কদিন আগেই শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে এসি লোকাল ট্রেন চালু হয়েছে। এবার শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত আপ এবং ডাউন লাইনে এসি লোকাল ট্রেন শুরু হতে চলেছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এসি লোকালের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম।

    এদিকে পূর্ব রেল সূত্রে খবর, এই এসি লোকাল ট্রেনটি চলবে সকাল ১০টা ৩৩ মিনিটে। তা শিয়ালদহ থেকে ছাড়বে এবং ট্রেনটি বারাসত পৌঁছবে সকালে ১১টা ১৮ মিনিটে। বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে আবার ছাড়বে। সেটি শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে। ছাত্রছাত্রী, রোগী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এই ট্রেনটি চালু করা হচ্ছে। শিয়ালদহ-কৃষ্ণনগর রুটের এসি লোকাল ট্রেনে ভিড় ভালই হচ্ছে। সুতরাং শিয়ালদহ-বারাসত রুটে এসি লোকাল ট্রেন চালু হলে ভিড় বেশ বাড়বে বলে মনে করছে পূর্ব রেল।

    অন্যদিকে এই এসি লোকাল ট্রেনটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। যেখান থেকে নিজের বাড়ি এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে। এই এসি লোকাল ট্রেন বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে। প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ স্টেশন। এখন শিয়ালদহ ডিভিশনে দুটি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল আছে বলে জানিয়েছে পূর্ব রেল। অফিস টাইমে চালানো হবে এই এসি লোকাল ট্রেন। তাতে ব্যাপক উপকৃত হবেন অফিসযাত্রীরা।

    তাছাড়া ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর লাইনে একাধিক ট্রেন চালুর কথা ঘোষণা করা হয়েছে। সমস্ত শাখা মিলিয়ে ১১টি নতুন ট্রেন ও ৫টি বর্ধিত পরিষেবা রয়েছে। আর আপাতত দুটি স্পেশাল ট্রেনও নামানো হচ্ছে। শিয়ালদহ স্টেশন থেকে নতুন ট্রেনগুলির পরিষেবা আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৫ দিন চালানো হবে। শনিবার এবং রবিবার তা চলবে না। আগামী ৬ জুলাই, সোমবার থেকে এই ট্রেনগুলি চালু করা হবে। সূত্রের খবর, শিয়ালদহের পাশাপাশি হাওড়া ডিভিশনেও এসি লোকাল ট্রেন নিযে আসার কথাবার্তা চলছে। আর শিয়ালদহ শাখার একাধিক রুটেও এসি লোকাল ট্রেন পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসা হবে। এই এসি লোকাল ট্রেন বেড়ে গেলে গরমের সময়ে আরামে যাতায়াত করতে পারবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)