• জোয়ারের মধ্যেই গঙ্গায় স্নান দুই বন্ধুর, সোদপুরে নিখোঁজ দশম শ্রেণির পড়ুয়া,বরাতজোরে উদ্ধার একজন
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • উত্তর ২৪ পরগণার পানিহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা৷ গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র৷ একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ অন্যজন৷ নিখোঁজ ছাত্রের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করেছে পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে সোদপুরের ১২ মন্দির ঘাটে গঙ্গায় স্নান করতে আসে দুই বন্ধু কৌস্তুভ মণ্ডল ও নীলচন্দ্র দাস৷ দুজনেই সোদপুর হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া৷

    যে সময়ে ওই দুই ছাত্র গঙ্গায় নামে, তখন জোয়ার চলছিল৷ ফলে জলের স্রোতও ছিল যথেষ্ট বেশি৷ জলে নামার পর দুই বন্ধুই গঙ্গার বেশ কিছুটা গভীরে চলে যায়৷ সেই সময় গঙ্গার ঘাটও ছিল ফাঁকা৷ যদিও সেই সময় ঘাটে স্নান করতে আসা অন্য এক ব্যক্তি দুই ছাত্রকে ভেসে যেতে দেখে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন৷ কিন্তু একার পক্ষে দু জনকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ কোনওক্রমে নীলকে উদ্ধার করেন ওই ব্যক্তি৷ যদিও কৌস্তুভ জলে ভেসে যায়৷

    উদ্ধারের পর নীলচন্দ্র দাস নামে ওই ছাত্রকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ৷ খবর দেওয়া হয় এনডিআরএফ-কে৷

    এনডিআরএফ-এর সদসরা এসে পৌঁছে তল্লাশি শুরু করলেও বিকেল পর্যন্ত নিখোঁজ ছাত্রের খোঁজ মেলেনি৷ সন্ধে নামার পর উদ্ধারকাজও ব্যাহত হয়৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ খবর পেয়ে গঙ্গার ঘাটে ভিড় করে নিখোঁজ ছাত্রের বন্ধু এবং পরিচিতরা৷

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক সময়ই দুপুরের দিকে সবার অলক্ষ্যে স্কুল পড়ুায়ারা গঙ্গায় এসে সাঁতার কাটে৷ জোয়ারের সময় ঝুঁকি নিয়ে সাঁতার কাটতে গেলে এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়৷
  • Link to this news (News18 বাংলা)