হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, চাপা পড়লেন পথচারীরা! জীবন নিয়ে 'ছেলেখেলা' মালিকের
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে শতাব্দীপ্রাচীন একটি জরাজীর্ণ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে গুরুতর দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের রাধানগর পাড়ায় এই ঘটনায় অন্তত তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁকে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছরের পুরনো ও ভগ্নপ্রায় ওই বাড়ির উপরের অংশের চাঙর আচমকাই ভেঙে রাস্তার ওপর পড়ে। সেই সময় এলাকায় স্বাভাবিক যাতায়াত চলছিল। হঠাৎ বিকট শব্দে বাড়ির অংশ ভেঙে পড়তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েকজন আহত হন। পাশাপাশি কয়েকটি সাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী মিমি কুণ্ডু জানান, বাড়ির সামনেই একটি টোটো মেরামতের কাজ চলছিল। সেই সময় আচমকাই বাড়ির একটি বড় অংশ ভেঙে পড়ে।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই বাড়িটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসন ও বাড়ির মালিককে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মিমি কুণ্ডু আরও বলেন, বাড়িটির ঠিক সামনেই একটি স্কুল রয়েছে। প্রতিদিন বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের যাতায়াত থাকে। বড়সড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে বাড়িটি ভেঙে ফেলার দাবি জানান তিনি। এলাকার এক দোকানদার শেখ লালন বলেন, এর আগেও অন্তত দু’বার বাড়িটির অংশ ভেঙে পড়েছিল।
বাড়ির মালিককে বহুবার সতর্ক করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন তাঁর দোকানের সামনে এক ক্রেতা দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই দেওয়াল ভেঙে পড়ে। আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটজনক বলেও তিনি জানান। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটির বয়স আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছর। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বাড়িটি সংস্কার কিংবা ভেঙে ফেলার জন্য মালিককে একাধিকবার অনুরোধ করা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাব এবং মালিকের উদাসীনতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।