দীর্ঘদিন পর খোঁজ মিললেও উলুবেড়িয়ার মহিলাকে নিজের পরিবার ঘরে ফেরাতে নারাজ!
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
মুম্বইয়ের শিবাজী নগর টার্মিনাস রেল স্টেশন থেকে বছর দু’য়েক আগে উদ্ধার হন হাওড়া জেলার উলুবেড়িয়ার গঙ্গারামপুরের বাসিন্দা অসীমা৷ আর তিনিই এখন এক চরম নির্মমতার মুখোমুখি। তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখে রেল পুলিশ তাঁকে উদ্ধার করে আদালত ও হাসপাতালের মাধ্যমে এক হোমে পাঠায়। টানা দুই বছর ধরে মুম্বইয়ের সেই হোমে থাকা অসীমা বাংলা বলার সুবাদে ঘরে ফেরার রাস্তা পায়। কেবল বাংলায় কথা বলায়, হোম কর্তৃপক্ষ যোগাযোগ করে বাংলার হ্যাম রেডিওর ‘ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব’-এর সঙ্গে।
সন্ধান মেলে তাঁর পরিবারের। উলুবেড়িয়ার গঙ্গানগরের ২৬ নম্বর ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা যায়, অসীমার এক ভাই মিউনিসিপালিটির কর্মী। দীর্ঘ চার বছর পর মায়ের সন্ধান পেয়ে তাঁর স্কুলপড়ুয়া মেয়ে অত্যন্ত খুশি হলেও, অসীমাকে বাড়িতে ফিরিয়ে নিতে নারাজ স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। অসীমার বাপের বাড়ির অভিযোগ, স্বামীর চরম অত্যাচারের কারণেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অসীমা। প্রায় বছর ছ’য়েক আগে একবার গুজরাট থেকেও তাঁকে উদ্ধার করা হয়েছিল। পরিবারের পুরুষ সদস্যদের দাবি, এতদিন বাড়ির বাইরে থাকায় অসীমা কোনও ‘অপকর্ম’ করেছেন কি না তা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে৷ মুম্বইতে উদ্ধার হওয়া উলুবেড়িয়ার অসীমাকে নিজের পরিবার ঘরে ফেরাতে নারাজ পরিবার৷
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বিস্তারিত জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এমন কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধার হওয়া মহিলার আপাতত মানসিক চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান হয়েছে এবং সুস্থ হলে তাঁর ভাই তাঁকে বাপের বাড়িতে আশ্রয় দেবেন বলে আশ্বাস দিয়েছেন।’