• মেট্রোর ভিতরে হাজার যাত্রীর তখন মাথায় হাত! কোন রুটে?
    আজকাল | ০২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  ফের কলকাতা মেট্রোয় বিপত্তি। ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ব্যাহত মেট্রো চলাচল। এই মুহূর্তে ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করছে।

    সূত্র মারফত জানা গিয়েছে, সেন্ট্রাল পার্কের কাছে মেট্রো লাইনে কাজ চলছে। সে জন্য বিকেল ৫টা থেকেই বন্ধ রয়েছে মেট্রো চলাচল। ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গ্রিন লাইনের কিছু মেট্রো চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।

    উল্লেখ্য, সম্প্রতি  কলকাতায় মেট্রোয় একই দিনে দু'বার আত্মহত্যার ঘটনা ঘটে। সকালে কালীঘাটের পর দুপুরে বেলগাছিয়া মেট্রোয় আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই ঘটনায় সাময়িক ভাবে ব্যহত হয়েছে দমদম-কবি নজরুল রুটের একাংশের মেট্রো চলাচল। 

    প্রসঙ্গত, কলকাতার পাশাপাশি এবার জেলাতেও চালু হতে পারে মেট্রো। সোমবার রাজ্য বাজেটে তেমনটাই জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন তিনি বলেন, ‘দুর্গাপুর—আসানসোল এবং শিলিগুড়ি—জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করা হতে পারে।'

    জানা গিয়েছে, রাজ্যের এই চারটি জেলায় মেট্রো চালু করা যায় কিনা সে নিয়ে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করে দেখবে রাজ্য। বর্তমানে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মেট্রো চলে। মেট্রো পরিষেবা শহরের আশেপাশে বাড়ানোর পরিকল্পনা চলছে। এরপর জেলাতে মেট্রো পরিষেবা চালু করা হলে তা অনেকটাই এগিয়ে যাবে। অর্থমন্ত্রী জানান, জেলায় মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে টেকনো-ইকোনমিক স্টাডি করা হবে।

    অন্যদিকে, কলকাতা মেট্রোর উন্নয়নে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ৬০টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে চলতি মাসের শুরুতেই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • Link to this news (আজকাল)